মুন্সিগঞ্জে আবার আ.লীগ ও যুবলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জে গতকাল বুধবার আবারও আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার রাতেও একই ঘটনায় দুপক্ষের সংঘর্ষে বাবুল শেখ (৩৮) নামের একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। বাবুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকালের সংঘর্ষে রিকশাচালক সাহাবুদ্দিন খান (২৪) ও পথচারী সিফাত (২০) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রিকশাচালক সাহাবুদ্দিনকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ সিফাতসহ গুরুতর আহত আরও দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ১২ থেকে ১৩ জন প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ নেতা জাহিদ হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামানের ছেলে রাজন দলবল নিয়ে হাটলক্ষ্মীগঞ্জে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের লোকজনের ওপর হামলা চালান। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও তাঁর সমর্থকেরা হাটলক্ষ্মীগঞ্জে ট্রলারঘাট নিয়ন্ত্রণ করে আসছিলেন। ইদানীং ঘাটটির নিয়ন্ত্রণ নিতে পাশের পঞ্চসার ইউনিয়নের যুবলীগ সভাপতি জাহিদ হোসেন তৎপর হয়ে ওঠেন।

গতকালের সংঘর্ষের ব্যাপারে মকবুল হোসেন বলেন, এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় জাহিদ হোসেন ও রাজন দল নিয়ে দুদিক দিয়ে প্রবেশ করে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অতর্কিতে গুলি শুরু করেন। এতে রিকশাচালক সাহাবুদ্দিন ও পথচারী সিফাত গুলিবিদ্ধ হন। গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।

জহিদ হোসেন বলেন, ‘মকবুল ও তার লোকজন ট্রলারঘাটে চাঁদা আদায় করত। এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের লোকজনের ওপর হামলা করে।’

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষই সটকে পড়ে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।