মুন্সিগঞ্জে এক 'জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং থেকে গত শনিবার রাতে ‘জেএমবির সারোয়ার-তামিম গ্রুপে’র এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব-১১। গতকাল রোববার র‌্যাব-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সোয়া নয়টা থেকে সোয়া দুইটা পর্যন্ত লৌহজং থানাধীন মাওয়া ফেরিঘাট এলাকায় র‌্যাব অভিযান চালায়। সেখান থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ফারুক ওরফে ওমর ফারুককে (৩২) গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, এর আগে র‌্যাব-১১-এর হাতে গ্রেপ্তার জেএমবির বাড্ডা এলাকার দাওয়াতি আমির ও সদস্য সংগ্রাহক মো. ওয়ালীউল্লাহ চিশতির হাত ধরে ২০১৪ সালে জঙ্গিবাদে যুক্ত হন ফারুক। ২০১৫ সালের শেষ দিকে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপ) রামপুরা এলাকার দাওয়াতি আমির সাইফুল গনি চৌধুরীর মাধ্যমে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেন তিনি।