মুন্সিগঞ্জে কাউন্সিলরের অত্যাচারে এক ব্যক্তির আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলরের অত্যাচার সইতে না পেরে মুন্সিগঞ্জ সদরের পাচঘড়িয়াকান্দিতে ইউসুফ আলী বেপারি (৫৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ ঝুলন্ত অবস্থায় ইউসুফ আলীর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় কাউন্সিলর জাকির হোসেনের অত্যাচারে ইউসুফ আলী আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। জাকির হোসেন মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য।
আত্মহত্যাকারী ইউসুফ আলী বেপারির ভাই মো. ইসমাইল অভিযোগ করে বলেন, ‘জাকির হোসেনের অত্যাচার সইতে না পেরে গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমার ভাই গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমার ভাইয়ের হাতে একটি চিরকুট ছিল, যা কাউন্সিলর জাকির হোসেন বাড়িতে এসে জোর করে নিয়ে গেছেন।’ তবে চিরকুটে কী লেখা ছিল, তা তিনি জানাতে পারেননি।
নিহত ব্যক্তির ছেলে নুরু ইসলাম অভিযোগ করে বলেন, ‘কাছাকাছি বাড়ি হওয়ায় জাকির হোসেন আমার বাবাকে দীর্ঘদিন ধরে নানা কারণে অত্যাচার করে আসছিলেন। তিনি জোর করে পাঁচটি সাদা স্ট্যাম্পে আমার বাবার সই নেন। এ অভিযোগ লিখিত আকারে ১৭ এপ্রিল জেলা প্রশাসককে দেওয়া হয়।’
জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, ‘১৭ এপ্রিল ইউসুফ আলী বেপারির স্ত্রী আছমা বেগম আমার কাছে লিখিতভাবে একটি অভিযোগ দেন। ইউসুফ আলীদের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হলে আমি তা খুলে দেওয়ার ব্যবস্থা করি। কাউন্সিলর জাকির হোসেনকে ডেকে এনে দোকান বন্ধ করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিষেধ করি।’
কাউন্সিলর জাকির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। আমার কারণে ইউসুফ আলী আত্মহত্যা করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সবই মিথ্যা।’