মুন্সিগঞ্জে গলা টিপে শিশুসন্তানকে হত্যা, বাবা আটক
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকার জুলহাস দেওয়ান নামের এক ব্যক্তি তাঁর পাঁচ বছরের ছেলেকে গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার জুলহাসকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকা থেকে ছেলে সাহাতের লাশ উদ্ধার করে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে জুলহাস তাঁর চরমুক্তারপুরের বাড়ি থেকে ছেলে সাহাতকে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে নিয়ে যান। পরে ঢাকা থেকে জুলহাস একা বাড়ি ফেরেন। জুলহাসের সন্দেহজনক কথাবার্তা ও আচরণ দেখে পরিবারের সদস্যরা দুই দিন পর গতকাল জুলহাসকে বাড়িতে আটক রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জুলহাস ছেলেকে গলা টিপে হত্যা করার কথা জানান। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে সাহাতের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাহাতের মা তানিয়া বেগম থানায় একটি অভিযোগ দিয়েছেন। মুন্সিগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, জুলহাস সাহাতকে হত্যার কথা স্বীকার করলেও কী কারণে তিনি হত্যা করেছেন, তা জানাননি।