মুন্সিগঞ্জে গৃহবধূ খুন, মানিকগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গত শুক্রবার এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজদিখানে নিহত গৃহবধূর নাম হোসনে আরা (৪০)। তিনি উপজেলার বালুরচর ইউনিয়নের খাসকান্দি (চরেরগাঁও) গ্রামের কুয়েতপ্রবাসী শুক্কুর আলীর স্ত্রী।
এলাকাবাসী ও নিহত গৃহবধূর স্বজনেরা জানান, শুক্রবার দিবাগত রাতে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত শুক্কুর আলীর বাড়িতে টিনের বেড়া কেটে ঘরের ভেতরে ঢোকে। এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা হোসনে আরাকে ছুরিকাঘাত করে। এরপর তারা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। হোসনে আরাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জের বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি শার্ট ও লুঙ্গি পরা ছিলেন। মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ঘিওর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।