মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধ, আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. আলী হোসেন (৪০)। তাঁর বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার পুণ্ডের বাজারের পূর্বকান্দা গ্রামে। গতকাল শনিবার জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একই সংঘর্ষে শাহ আলম খান (৫০) নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে শাহ আলম ও রাসেল মোল্লার পরিবারে সঙ্গে বিরোধ চলছিল। গতকাল রাতে বেতকা ইউনিয়নের পুণ্ডের বাজার থেকে কাজ শেষ করে শাহ আলম খান ও তাঁর চাচাতো ভাই আলী হোসেন গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে ওত পেতে থাকা রাসেল মোল্লা, সোহেল মোল্লা ও নাছির মোল্লা তাঁদের ওপর হামলা চালান।

ঘটনার পর থেকেই রাসেল মোল্লা, সোহেল মোল্লা ও নাছির মোল্লা পলাতক রয়েছেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ আলম ও মো. আলী হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় রাসেল মোল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।