মুন্সিগঞ্জে তরুণ লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ইয়াবাসহ জেলা তরুণ লীগ সভাপতি ও ছাত্রলীগের সহসভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকা থেকে তাঁদের তিনটি ইয়াবা বড়িসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলা তরুণ লীগ সভাপতি মৃদুল দেওয়ান (৩২), জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মাকসুদ (২৮) ও ছাত্রলীগ নেতা মো. ফয়সাল (২৮)। মৃদুল মুন্সিগঞ্জ জেলা তরুণ লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার ভিটি হোগলাকান্দি। বর্তমানে তিনি শহরের শ্রী পল্লি এলাকায় থাকেন। মাকসুদ ও ফয়সালের বাড়ি শহরের মালপাড়া এলাকায়।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন লিখন গাজি প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যোগনীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থেকে মৃদুল, মাকসুদ ও ফয়সালকে তিনটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ওই কারটিও জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটক তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ধরে তাঁরা মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদলতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা বলেন, দলীয়ভাবে মাদকের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের ব্যাপারে কোনো আপস নেই। তাই মাদকের সঙ্গে ছাত্রলীগের যে বা যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।