নরসিংদীতে পৃথক ঘটনায় দুর্বৃত্তের গুলিতে আহাম্মদ আলী ওরফে বাবু (১৫) নামের এক কিশোর নিহত ও তার পরিবারের চার সদস্যসহ আহত হয়েছেন পাঁচজন। গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের উত্তর সাটিরপাড়া ও পশ্চিম কান্দাপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
এদিকে মুন্সিগঞ্জে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে ধরে পুলিশে দিয়েছে জনতা। এর আগে এই ডাকাত দলটির হামলায় বাবা ও ছেলে আহত হয়।
নরসিংদীতে নিহত আহাম্মদ আলী উত্তর সাটিরপাড়া এলাকার আবদুস শহীদের ছেলে। সে সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আহত ব্যক্তিরা হলেন আহাম্মদের বাবা, ভাই মোহাম্মদ আলী ও অমিত হাসান, আবদুস শহীদের বাড়ির ভাড়াটে জয়নাল মিয়া এবং পশ্চিম কান্দাপাড়ার আদ্রিতা সাহা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে চারজনের একটি দল প্রাচীর টপকে আবদুস শহীদের বাড়িতে ঢোকে। এ সময় পাশের বাড়ির লোকজন টের পেয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে উঠলে আহাম্মদের বাড়ির লোকজন বের হয়ে আসে। এ সময় ওই দুর্বৃত্তরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আহাম্মদ মারা যায়। গুলিতে আহত আহম্মদের বাবা, দুই ভাই ও ভাড়াটেকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী মাইন উদ্দিন বলেন, ‘গভীর রাতে আমার পরিবারের লোকজন দুষ্কৃতকারীদের ফিসফিস কণ্ঠে কথা শুনে আমাকে ডেকে তোলে। আমি জানালা খুলে দেখি, চারজন মাথা নিচু করে দেয়ালের ওপর দিয়ে হেঁটে শহীদ ভাইয়ের বাড়িতে যাচ্ছে। আমি ডাকাত, ডাকাত বলে চিৎকার করে উঠলে তারা শহীদ ভাইয়ের বাড়ির প্রাচীরের ভেতর নেমে পড়ে। পরে গুলির শব্দ শুনি।’
অপরদিকে রাত তিনটার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার অমিত সাহার বাড়িতে সাত থেকে আটজনের একদল ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এ সময় পাশের ঘরে থাকা অমিত সাহার মেয়ে আদ্রিতা দরজা খুলে চিৎকার শুরু করলে ডাকাতেরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আবদুস শহীদের বাড়ির ঘটনাটিকে ডাকাতি বলে মনে করছে না পুলিশ। নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ‘আবদুস শহীদের বাড়ির ঘটনাটি ডাকাতি হলে জিনিসপত্র লুট হতো। কিন্তু দুর্বৃত্তরা শুধু গুলি করেছে।’ তিনি বলেন, ‘প্রতিবেশী নূরজাহান বেগমের পরিবারের সঙ্গে শহীদ পরিবারের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ডাকাতি করে পালানোর সময় জনতা তিন ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে।
শ্রীনগর থানার পুলিশ জানায়, সাতগাঁও গ্রামের রতন দাস ও খোকন দাসের বাড়িতে ১২ জনের একটি ডাকাত দল ঢুকে খোকন দাস ও তাঁর ছেলে অঙ্কন দাসকে পিটিয়ে আহত করে ৭৫ হাজার টাকা ও এক জোড়া দুল লুট করে চম্পট দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তিন ডাকাতকে ধরে ফেলে। বাকিরা পালায়।
থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মিয়া কুতুবুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল খোকন দাস মামলা করেছেন।