মুন্সিগঞ্জে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ শহরের শীলমন্দি এলাকার একটি মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মাজারের ভেতর থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীরা হলেন আমেনা বেগম (৫৫) ও তাইজুন নেছা (৪০)। আমেনা বেগমের বাড়ি আধেরা ইউনিয়নের ঝাপটা গ্রামে। তাইজুন নেছার বাড়ি ওই ইউনিয়নের বকচর গ্রামে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আমেনা বেগম প্রায় ৩০ বছর ধরে শীলমন্দি এলাকার বারেক ন্যাংটার মাজারে নারী খাদেম হিসেবে ছিলেন। তাইজুন নেছা এখানকার একজন ভক্ত ছিলেন। তিনি মাঝেমধ্যে এখানে আসতেন এবং রাতে মাজারেই থাকতেন।
মাজারের খাদেম মো. মাসুম শাহ প্রথম আলোকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাজার পরিষ্কার করতে এসে মূল দরজার সামনে অনেক রক্ত দেখতে পান। দরজা খুলে ভেতরে ঢুকে আমেনা ও তাইজুনের লাশ দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানান।
নিহত তাইজুন নেছার ভাতিজা মো. বরকতুল্লা বলেন, ‘আমার ফুপু এই মাজারের একজন ভক্ত ছিলেন। তিনি ঢাকায় থাকতেন। সেখান থেকেই মাঝেমধ্যে এখানে আসতেন। তাঁর কোনো শত্রু ছিল না।’
মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাজারের খাদেম আমাদের খবর দিলে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করি। জমিজমাসংক্রান্ত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আবার অন্য কিছুও হতে পারে। ঘটনাস্থল থেকে খুনের কিছু আলামত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখন বলা যাচ্ছে না।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এক বা একাধিক ব্যক্তি এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।