মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
মুন্সিগঞ্জের সদর উপজেলার রমজানবেগ এলাকায় গতকাল শনিবার তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি দোকানসহ ছয়-সাতটি বাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রমজানবেগ এলাকায় গতকাল বেলা ১১টার দিকে পাওনা টাকা নিয়ে আশরাফ হোসেন ও মো. খোকনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে খোকনের পক্ষ হয়ে পাশের চরশিলমন্দি গ্রাম থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রমজানবেগ এলাকায় এসে আশরাফের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলাকারীরা আশরাফের বাড়িসহ তাঁর পক্ষের ছয়-সাতজনের বাড়িঘর ও একটি দোকানে ভাঙচুর চালায়। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. সুমন বলেন, সামান্য পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে এ সংঘর্ষ হয়। হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলিও করে।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও আশরাফ ও খোকনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে সদর থানার ওসি আবুল খায়ের ফকির গতকাল বিকেলে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।