মুন্সিগঞ্জে দুই পক্ষের সংষর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার ও ট্রলারের ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় গত সোমবার রাতে যুবলীগের নেতা জাহিদ হোসেন ও পৌর কাউন্সিলর মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবুল শেখকে (৩৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটলক্ষ্মীগঞ্জ ও নয়াগাঁওয়ের মাঝামাঝি শহর রক্ষা বাঁধে ভেরানো হয়ে থাকে নদীতে চলাচলকারী বাল্কহেড ও বিভিন্ন নৌযান। এ নৌযানের ঘাটগুলো নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে সোমবার রাত নয়টার দিকে পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সভাপতি জাহিদের সঙ্গে পৌরসভার কাউন্সিলর মকবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুর হয়। এ সময় মকবুলের পক্ষের বাবুল শেখ গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাবুলকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে কথা বলতে জাহিদ ও মকবুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা ফোন ধরেননি।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ ঘটনায় বাবুলের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’