মুন্সিগঞ্জে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার যুগনীঘাট থেকে মো. নয়ন নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। একই দিনে টঙ্গিবাড়ী উপজেলার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন (১৮) বুধবার রাত ১১টায় প্রতিদিনের মতো দক্ষিণ ইসলামপুরের পাশের গ্রাম যুগনীঘাটের গ্যারেজে রিকশা রেখে বাড়ির উদ্দেশে চলে যান। কিন্তু গতকাল সকালে গ্যারেজের পাশের একটি আমগাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, এক বছর বয়সে নয়নকে নারায়ণগঞ্জ থেকে সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের সিরাজ মিয়া ও রাশিদা দম্পতি দত্তক নেন। কিন্তু নয়ন পরে গ্যারেজের পাশেই আলাদা ভাড়াবাড়িতে একা বসবাস করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূইয়া বলেন, ধারণা করা হচ্ছে নয়ন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
টঙ্গিবাড়ী উপজেলার ডোবা থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।