মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর সায়মন (৪) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুমারভোগের গুহেরবাড়ি মাদ্রাসার কাছে একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সায়মন গত ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। গতকাল দুপুরে ওই পুকুরের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সায়মন পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন কেন্দ্রের কুমারভোগ এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে। আতাউর শিমুলিয়াঘাটে চা বিক্রি করেন।
পুলিশ জানায়, শিশুটির শরীরের কয়েকটি অংশের মাংস নেই। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পুকুরের পাশে ফেলে যায়। পরে রাতে শিয়াল বা অন্য কোনো পশু তাঁর শরীরের মাংস খেয়ে নিতে পারে। শিশুটির বাবা পুলিশকে সন্দেহভাজন কারও নাম জানাতে পারেননি।
সায়মনের বাবা আতাউর রহমান বলেন, তাঁর কোনো শত্রু নেই। ছেলেকে কে হত্যা করতে পারে, সে ব্যাপারে তিনি কোনো ধারণাই করতে পারছেন না।
গতকাল বিকেলে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, শিশুটি কখন বাড়ি থেকে বের হয় সেটাও তার পরিবার নিশ্চিত করে বলতে পারছে না। এ ঘটনায় সায়মনের পরিবারের পক্ষে থেকে মামলার প্রস্তুতি চলছে।