মুন্সিগঞ্জে পাঠাগারে আগুন
মুন্সিগঞ্জ সদরের হাতিমারা এলাকায় গতকাল সোমবার ভোরে আমান উল্লাহ সমাজকল্যাণ সংসদ পাঠাগার আগুনে পুড়ে গেছে।
পাঠাগারটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, এ পাঠাগারের উদ্যোগে অনেক সৃজনশীল কাজ হয়ে আসছে। এ কার্যক্রমের বিরোধীরা গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে কেরোসিন ঢেলে পাঠাগারে আগুন ধরিয়ে দেয়।
পাঠাগার-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাঠাগারের ভেতরে প্রশিক্ষণ কাজে ব্যবহৃত চারটি কম্পিউটার, ১০টি সেলাই মেশিন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও অনেক বই পুড়ে যায়। এ সময় পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
সদর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, আগুন কী কারণে লেগেছে তা ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করে বলতে পারেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে না অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।