মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হয়। নরসিংদী ও গাজীপুরেও কর্মসূচি পালন করে বিএনপি।
মুন্সিগঞ্জ: বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় বিএনপির নেতৃবৃন্দ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিয়ে আটকে দেয়। এরপর সেখানে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলাবিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আজিম, শহর যুবদলের সভাপতি এনামুল হক প্রমুখ।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী ভূঁইয়া বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।
নরসিংদী: বেলা ১১টার দিকে শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, শহর বিএনপির সভাপতি গোলাম কবির, জেলা যুবদলের আহ্বায়ক মহসীন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর: মহানগর বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।