মুন্সিগঞ্জে শহরের গণকপাড়া মিলন ক্লাবের কাছে গতকাল বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ নয়টি গুলি, এক কেজি গাজা এবং একটি খেলনা পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আহত পুলিশ কনস্টেবল জিয়াউর রহমানকে (২৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সোয়া তিনটার দিকে পুলিশ গণকপাড়া মিলন ক্লাবের কাছে সুমন ওরফে কানা সুমনের ভাড়া বাড়িতে কানা সুমন, জুয়েল এবং তাঁদের সঙ্গীরা মাদক সেবন করছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে পুলিশ কানা সুমন ও জুয়েলকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন পুলিশ কনস্টেবল জিয়াউর রহমান।
পুলিশ ওই ঘরে তল্লাশি করে বন্দুকের নয়টি গুলি, এক কেজি গাঁজা এবং একটি খেলনা পিস্তল জব্দ করে। পরে পাশের মধ্য কোটগাঁও এলাকায় কানা সুমনের নিজ বাড়ি থেকে পুলিশ শাহীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বলেন, মাদকসেবনের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের একপর্যায়ে পুলিশ কানা সুমন ও জুয়েলকে গ্রেপ্তার করলে তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অন্যরা। পুলিশ তখন কয়েকটি গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান।
গতকাল সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমদাদ হুসাইন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার করা ওই তিন ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে গুলি উদ্ধার করতে পারলেও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে খেলনা পিস্তলটি জব্দ করা হয়েছে, সেটি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাঁরা চাঁদাবাজি করতেন।