মুন্সিগঞ্জে বিএনপির জনসংযোগে হামলায় প্রার্থীসহ আহত ১০
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর জনসংযোগে হামলা হয়েছে। হামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. আবদুল হাই এবং বিএনপির প্রার্থী এ কে এম ইরাদতসহ ১০ জন আহত হয়েছেন। শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
হামলার পর জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করে সাবেক সাংসদ আবদুল হাই অভিযোগ করেন, হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত। এ সময় তাঁর মুখে জখমের চিহ্ন দেখা যায়।
আবদুল হাই অভিযোগ করেন, ‘আমরা বিএনপির প্রার্থীকে নিয়ে শহরে জনসংযোগে বের হই। জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আমাদের ওপর হামলা করে। তারা জনসংযোগে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে।’ তাঁকেও মারধরের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল এবং শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনের নেতৃত্বে এ হামলা হয়। বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম প্রথম আলোকে বলেন, হামলার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে লিখিতভাবে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে অভিযোগটি তিনি পুলিশ সুপারের কাছে পাঠিয়েছেন।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা রায়হানুজ্জামান ও ছাত্রলীগ নেতা সাজ্জাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বলেন, ‘হামলার বিষয়টি আমার জানা নেই।’
সদর থানার ওসি ইউনুচ খান বলেন, ‘বিএনপির প্রার্থীর জনসংযোগে মারধরের ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি।’