মুন্সিগঞ্জে সন্ত্রাসী ও পুলিশ গুলিবিনিময়, অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার দক্ষিণ কোর্টগাঁও এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে তালিকাভুক্ত সন্ত্রাসী শাহজালাল মিজি ও তাঁর সহযোগীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ সময় শাহজালালের দুই সহযোগীকে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাসেল খান মিলন (৩০) ও শামীম (৩২)। তাঁদের বাড়িও একই এলাকায়।
পুলিশ জানায়, পুলিশ গত মঙ্গলবার রাত ১০টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ কোর্টগাঁও এলাকায় শাহজালাল মিজির বাড়িতে অভিযান চালায়। পুলিশ প্রথমে এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে। বিষয়টি টের পেয়ে শাহজালাল তাঁর সহযোগীদের নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের গোলাগুলি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহজালালের দুই সহযোগী রাসেল খান ওরফে মিলন ও শামীমকে ধরে ফেলে পুলিশ। রাসেলের কাছে একটি পিস্তল ও দুটি গুলি পাওয়া যায়। তবে শাহজালাল ও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। মিলনও দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পায়ে আঘাত পান তিনি। পুলিশ পাহারায় তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শামীমকে গতকাল বুধবার আদালতে তুলে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। তবে বিচারক আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।