মুন্সিগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা বাল্কহেড (বালুবাহী জাহাজ) সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল হাসান তুষার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর বাড়িও ভাঙচুর করেছে। গতকাল রোববার বিকেলে এসব ঘটনা ঘটে।
আহত শফিকুলকে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মকবুল হোসেনের ভাই আনোয়ার হোসেন পাশের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেনের ভাই ছাত্রদল নেতা শফিকুলের ওপর এ হামলা চালান।
আনোয়ারের ভাই কাউন্সিলর মকবুল হোসেন পাল্টা অভিযোগ করেন, আনোয়ার ও শফিকুল একসঙ্গে ড্রেজারের ব্যবসা করেন। ব্যবসায়িক দেনা-পাওনা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। পরে আনোয়ার ইসলামপুরে গেলে শফিকুলের লোকজন তাঁর ওপর হামলা করেন।
শফিকুলের ভাই কাউন্সিলর কামাল হোসেন জানান, পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে গুলির খোসা উদ্ধার করেছে।
সদর থানার ওসি ইঊনুস খান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তাই মামলাও হয়নি।