মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে হামলা
জঙ্গিনেতা মুফতি হান্নানসহ তাঁর সহযোগীদের ছিনিয়ে নিতেই গত সোমবার টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, হামলার সময় গ্রেপ্তার হওয়া মোস্তফা কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ ২১ জন আসামিকে সোমবার সকালে প্রিজন ভ্যানে ঢাকায় আদালতে পাঠানো হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শেষে আসামিদের নিয়ে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে ফিরছিল। সন্ধ্যা পৌনে ছয়টায় টঙ্গীর কলেজগেট এলাকায় প্রিজন ভ্যানে বোমা হামলা চালায় কয়েকজন। এ সময় এক হামলাকারী মোস্তফাকে আটক করা হয়। এরপর গত সোমবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী মোস্তফা কামালসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন। পরে গতকাল বিকেলে মোস্তফাকে গাজীপুর আদালতের বিচারিক হাকিম মাহবুবা আক্তারের আদালতে পাঠানো হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা স্বীকার করেছেন, মুফতি হান্নানকে ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়। এর বাইরে কোনো তথ্য দিচ্ছেন না তিনি। যদিও সোমবার গ্রেপ্তার হওয়ার পর মোস্তফা বলেছিলেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি হামলা চালান। কিন্তু পরে এ–সংক্রান্ত আর কোনো তথ্য দেননি।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মোস্তফা গাজীপুরের ভোগড়া এলাকায় দুই সপ্তাহ আগে একটি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখান। ওই বাসায় মোস্তফাসহ তিনজন থাকতেন। সোমবার মোস্তফা গ্রেপ্তার হওয়ার পর অন্য দুই যুবক আর বাসায় ফেরেননি। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে কিছু পায়নি।
গাজীপুরের পুলিশ জানায়, সোমবার হামলার ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এর একটি মোস্তফার, আরেকটি পালিয়ে যাওয়া একজনের। ওই ব্যাগ দুটির মধ্যে পাঁচটি হাতবোমা (আইইডি), দুটি চাপাতি, দুটি পেট্রলবোমা, একটি হাতে তৈরি গ্রেনেড ছাড়াও একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং একটি পুলিশের ব্যবহৃত হুইসেল পাওয়া গেছে।
মুফতি হান্নানের কাছে মুঠোফোন
গতকাল কারাগারের একটি সূত্র জানায়, ১৯ দিন আগে কারাবন্দী মুফতি হান্নানের সেল থেকে একটি মুঠোফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়। তিনি কারাগারে বসে গণমাধ্যমে প্রচারের জন্য শ্রুত বার্তা দিতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের দেওয়া কিছু চিরকুটও উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কাউন্টার টেররিজম ইউনিটকে খবরটি জানায়।
পরে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থেকে মাহমুদ ও জাভেদ নামে দুজনকে গ্রেপ্তার করেন। এরপর ১ মার্চ শাহজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয় সালেহ আহমেদকে। এঁদের বিরুদ্ধ সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। এর আগে গত ডিসেম্বরে একটি গোয়েন্দা সংস্থা মুফতি হান্নান কারাগার থেকে পালিয়ে যেতে পারেন বলে সরকারের কাছে প্রতিবেদন দেয়।
এদিকে মোস্তফার বাবা মোফাজ্জাল হোসেন, ভাই আবদুল মোতালেব ও শরীফুল ইসলামকে গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদ করেছে ময়মনসিংহ পুলিশ। এ সময় তাঁরা জানান, দেড় বছর ধরে পরিবারের সঙ্গে খুব কম যোগাযোগ করতেন মোস্তফা কামাল। গতকাল দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাবা ও ভাইদের জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে মোস্তফা তারাকান্দা উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। দেড় বছর আগে নরসিংদীর একটি মাদ্রাসায় ভর্তি হন। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি মোস্তফা তাঁর বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর থেকে পরিবার আর কোনো খোঁজ পায়নি।