জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ২১ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় এ হামলা হয়। ঘটনাস্থল থেকে চাপাতি ও বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিজন ভ্যানটি পুলিশ প্রহরায় ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পূর্ব পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তাঁর কাছ থেকে পাঁচটি হাতবোমা (আইইডি), দুটি চাপাতি, দুটি পেট্রলবোমা, একটি হাতে তৈরি গ্রেনেড ও সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, হামলার ধরন ও উদ্ধার হওয়া অস্ত্র থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার যুবক প্রশিক্ষিত জঙ্গি। তাঁরা মুফতি হান্নানসহ তাঁর সহযোগীদের ছিনিয়ে নিতেই প্রিজন ভ্যানে পরিকল্পিতভাবেই ককটেল হামলা করেন।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ ২১ জন আসামিকে প্রিজন ভ্যানে গতকাল সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার শুনানি শেষে আসামিদের নিয়ে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে ফিরছিল। এর মধ্যে মুফতি হান্নান ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেরার পথে প্রিজন ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেটে শিল্প পুলিশের কার্যালয়ের সামনে পৌঁছালে দুই-তিনজন যুবক একটি বাঁশ কাঁধে নিয়ে প্রিজন ভ্যানের সামনে দিয়ে রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে একটি গতিরোধক রয়েছে। সেখানে যানজট লেগেই থাকে। বাঁশ কাঁধে যুবকদের রাস্তা অতিক্রমের সুযোগ দিতে প্রিজন ভ্যানের গতি কমালে ভ্যানটি লক্ষ্য করে তিনটি হাতবোমা নিক্ষেপ করে হামলাকারীরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। প্রিজন ভ্যানের ভেতরে পুলিশ ছাড়াও সামনে পুলিশের একটি পাহারা গাড়িও ছিল। যানজটের মধ্যে পুলিশের পাহারার গাড়িটি প্রিজন ভ্যান থেকে একটু এগিয়ে যায়। বোমা ফাটিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলেন কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান। তিনি ওই যুবককে পরে টঙ্গী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনাস্থলের পাশেই টঙ্গীর শিল্প পুলিশের কার্যালয়। সেখানে ছিলেন শিল্প পুলিশের বেশ কয়েকজন সদস্য। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরাও ছুটে যান সেখানে। শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আবু রায়হান প্রথম আলোকে বলেন, বিকট শব্দ শুনে তাঁরা গিয়ে দেখেন ততক্ষণে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি তাঁদের জানিয়েছেন, ওপরের নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে তিনি ওই প্রিজন ভ্যানে হামলা করেছেন।
তবে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তফা কামাল জানিয়েছেন, দেড় মাস আগে তিনি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর থেকে বাড়িতে তাঁর আর কোনো যোগাযোগ নেই। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।
পরে যোগাযোগ করা হলে তারাকান্দা থানার ওসি মাজহারুল হক প্রথম আলোকে বলেন, মোস্তফা কামাল নামের কোনো জঙ্গির কথা তিনি শোনেননি। তাঁর থানায় এ নামে কোনো তালিকাভুক্ত বা সন্দিগ্ধ অপরাধী নেই।
কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ বিকাশ রায়হান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে প্রিজন ভ্যানে করে মুফতি হান্নানসহ ২১ জন আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়। ভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় পুলিশের একটি গাড়ি। বিকেলে ফেরত আসার পথে টঙ্গীতে ভ্যানটির ওপর হামলা হয়েছে বলে তিনি পুলিশের কাছে শুনেছেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভ্যানটি কারাগারে পৌঁছায়।
জঙ্গিরা প্রিজন ভ্যানে হামলা করে মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার কথা পুলিশ জানতে পেরেছে বলে সম্প্রতি পুলিশের বরাতে গণমাধ্যমে খবর বের হয়। রাজধানীর মোহাম্মদপুর ও শাহজাহানপুর থেকে তিনজনকে গ্রেপ্তারেরও খবর বের হয়। তাঁর হলেন আবু বক্কর সিদ্দিক মাহমুদ ওরফে আল হাদি (২২), জাভেদ হোসেন (১৯) ও সালেহ আহমদ (৪৯)।
এর আগে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিন জঙ্গিকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যানে গুলি-বোমা হামলা চালিয়ে জেএমবির তিন নেতাকে ছিনিয়ে নেন তাঁদের সহযোগীরা। তিনজন হলেন রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ, সালাহউদ্দিন ওরফে সালেহীন ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। ঘটনার কয়েক ঘণ্টা পরেই অবশ্য হাফেজ মাহমুদ ধরা পড়েন এবং পরদিন সকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। বাকি দুজন এখনো পলাতক। ওই ঘটনায় জঙ্গিদের হামলায় গুলিতে এক পুলিশ সদস্যও নিহত হন।