মুফতি হান্নানের ভাই কামরুজ্জামান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানের ছোট ভাই মুন্সী কামরুজ্জামান ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার ঘাঘরকান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুন্সী কামরুজ্জামানের বাড়ি উপজেলার হিরণ ইউনিয়নের মধ্য হিরণ গ্রামে। তিনি ঘাঘরকান্দা এলাকায় আসবাবের ব্যবসা করেন।
পুলিশ জানায়, চলতি বছরের ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নানের আরেক ছোট ভাই আনিচুর রহমান মুন্সীসহ চার শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সদর থানার উপপরিদর্শক সোবাহান মোল্লা। মুন্সী কামরুজ্জামানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।