মুফতি হান্নানের ভাই কারাগারে
গোপালগঞ্জে গ্রেপ্তার হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ছোট ভাই মুনশি কামরুজ্জামান ওরফে মতিন মুনশিকে (৪৯) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। গোপালগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার রাত ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকা থেকে মুনশি কামরুজ্জামানকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নানের অপর ছোট ভাই আনিচুর রহমান মুনশিসহ শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ওই চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সোবাহান মোল্লা। ওই মামলায় মুনশি কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।