মুরগি-মাছের খাবারে বিষাক্ত রাসায়নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবাদি পশুর চামড়ার বর্জ্য দিয়ে তৈরি হচ্ছিল মুরগি ও মাছের খাবার। র‍্যাবের দাবি, এসব খাবারে ছিল মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম। আর মাছ, ডিম ও মাংসের মধ্যে দিয়ে মানুষের শরীরে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম ঢুকলে হতে পারে ক্যানসার, শ্বাসকষ্ট ও চর্মরোগ।

এমন খাবার তৈরির অভিযোগে আজ বুধবার রাজধানীর হাজারীবাগের কালোনগর এলাকায় তিনটি কারখানার দুই মালিকসহ সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। কারখানা তিনটি হল শিপন ফিড মিল, শোয়েব এন্টারপ্রাইজ এবং খলিলের মাছের আউশ। আজ বুধবার র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এসব কারখানায় অভিযান চালান। এ সময় খলিলের মাছের আউশ কারখানার মালিক ছিলেন না।

র‍্যাব-২ এর উপপরিচালক দিদারুল আলম বলেন, আজ বেলা ১১টার দিকে হাজারীবাগের কালোনগর এলাকায় শিপন ফিড মিল, শোয়েব এন্টারপ্রাইজ এবং খলিলের মাছের আউশ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন। এ সময় খলিলের মাছের আউশ কারখানার দুই কর্মচারী নাসিরউদ্দিন ও সাইদ শেখকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া শিপন ফিডের মালিক জয়নাল আবেদিন ও শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারওয়ারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারখানা তিনটির কর্মচারী মো. কালামকে ২০ হাজার টাকা এবং মো. জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মালিক জয়নাল আবেদিন ও গোলাম সারওয়ার র‍্যাবকে জানান, হাজারীবাগের ট্যানারি থেকে চামড়ার বর্জ্য এনে সিদ্ধ করে শুকিয়ে শুঁটকি বানানো হতো। এই শুঁটকি গুঁড়া করে মুরগি ও মাছের খাবার তৈরি করা হতো। এসব খাবার ১৭ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করা হতো।

দিদারুল আলম বলেন, কারখানা তিনটি বন্ধ করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।