মুরগির কারণে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মুরগি মারাকে কেন্দ্র করে আফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে প্রতিবেশী আছিয়া বেগম তাঁর পালিত একটি মুরগি মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আফিয়া বেগম ওই মুরগি মেরেছেন বলে তিনি অভিযোগ করে তাঁকে গালিগালাজ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে আফিয়া বেগম বাড়ি থেকে একটু দূরে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় আছিয়া বেগম তাঁর দুই ছেলেসহ আফিয়াকে কোদালের বাঁট দিয়ে পেটাতে থাকেন। এতে আফিয়া অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে আনার পথে তিনি মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত সবাই পলাতক। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।