মুরগির জন্য হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় মুরগির জন্য বখাটেরা ফিরোজ মোল্লা (৩৬) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালীয়া শহীদ নগর গ্রামের ছোট-পাইককান্দি গ্রামে।

গত মঙ্গলবার দিবাগত রাতে বখাটেদের পিটুনিতে আহত হন ফিরোজ। আজ বৃহস্পতিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফিরোজ ছোট-পাইককান্দি গ্রামের মোতাহার মোল্লার ছেলে। তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এলাকাবাসী ও ফিরোজের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ফিরোজের বাড়ির মুরগির ঘর থেকে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে যায় একই গ্রামের ছয়-সাতজন বখাটে যুবক। ঘটনাটি টের পেয়ে ফিরোজ মোল্লা তাদের ধাওয়া করেন। ছোট-পাইককান্দি গ্রামের গফ্ফার মোল্লার বাড়ির সামনে পৌঁছার পর বখাটেরা ফিরোজকে পেটায়। এতে ফিরোজ গুরুতর আহত হন। ওই রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার বিকেলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোর ছয়টার দিকে ফিরোজের মৃত্যু হয়।

আজ দুপুরে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।