মুরগির ডিম, জরিমানা অতঃপর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে গত রোববার বিকেলে দরিদ্র কৃষক মইজ উদ্দিনকে (৫০) মোটা অঙ্কের টাকা জরিমানা করেছিলেন মাতবরেরা।

সালিস শেষ হতে না হতে প্রতিপক্ষ সে টাকার জন্য চাপও সৃষ্টি করে। এরপর রাতেই মইজ উদ্দিনের লাশ তাঁর বাড়ির অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মইজ উদ্দিনের পরিবারের দাবি, প্রতিপক্ষ ওই কৃষককে হত্যা করেছে। গতকাল সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ, মৃতের পরিবার ও সালিসে উপস্থিত একাধিক ব্যক্তি সূত্রে জানা যায়, আনুমানিক ১০ দিন আগে উপজেলার সোহাগী ইউনিয়নের দক্ষিণ বড়ভাগ গ্রামের মইজ উদ্দিনের মুরগি প্রতিবেশী আবদুল মজিদের আঙিনায় ডিম পাড়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় মইজ উদ্দিনের ছেলে রাকিবুল (১০) দা দিয়ে মজিদের হাতেকোপ দেয়।

এ ঘটনায় গত রোববার মজিদের বাড়িতে সালিস বসে। এতে পাশের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সালিসে মইজ উদ্দিনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মইজ উদ্দিনের পরিবারের অভিযোগ, সালিস শেষে মজিদ ও তাঁর লোকজন টাকার জন্য চাপ দেন। কিন্তু দরিদ্র মইজ উদ্দিনের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। পরে রাত আনুমানিক ১১টার দিকে মজিদ এসে মইজ উদ্দিনকে ডেকে নেন। এর কয়েক ঘণ্টা পর পরিবারের লোকজন বাড়ির অদূরে গৌরীপুরের কিসমত বড়ভাগ গ্রামের একটি গাছে মইজ উদ্দিনের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাঁরা দাবি করেন, টাকা না পেয়ে প্রতিপক্ষই মইজ উদ্দিনকে হত্যা করেছে। গতকাল থেকে মজিদ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, ফাঁস লাগানো অবস্থায় মইজ উদ্দিনের লাশ উদ্ধার করা হলেও প্রাথমিক তদন্তে তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।