মুরগির ধান খাওয়া নিয়ে মারামারি নিহত ১
মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বগুড়ার গাবতলী উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্টু মিয়া প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মুরগির ধান খাওয়ার মতো একটি তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে ওই খুনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির ছেলে শাহিদুল ইসলাম বাদী হয়ে নয়জনকে আসামি করে গতকাল শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযান চালিয়ে সাহিদা বেগম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, কয়েক দিন আগে মন্টু মিয়া প্রামাণিকের মুরগি প্রতিবেশী সাহিদা বেগমের বাড়ির উঠানে গিয়ে ধান খায়। এ নিয়ে শুক্রবার ভোরে দুই পক্ষের মারামারিতে মন্টু মিয়া প্রামাণিকসহ সাতজন আহত হন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাতেই মন্টু মিয়া প্রামাণিক মারা যান।