মুরাদনগরে কলেজে শিক্ষকদের 'অবরুদ্ধ' করল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা গতকাল রোববার শিক্ষকদের তালা দিয়ে ‘অবরুদ্ধ’ করে রাখে। খবর পেয়ে কলেজ ব্যবস্থাপনা পর্ষদের এক সদস্য তালা ভেঙে তাঁদের বের করেন।
শ্রীকাইল কলেজ সূত্রে জানা গেছে, এবার দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ৩৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এদের বেশির ভাগই অন্তত চারটি বিষয়ে ফেল করেছে। ওই ৪৭ জন শিক্ষার্থী গতকাল সকাল ১০টার দিকে তাদের ফরম পূরণের সুযোগ দিতে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। কলেজের শিক্ষকেরা তাদের ফরম পূরণের সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষকদের ‘অবরুদ্ধ’ করে রাখে। এরপর তারা ফরম পূরণের দাবিতে বিক্ষোভ করে। বেলা তিনটার দিকে পরিচালনা পর্ষদের সদস্য তানভীর রেজা এসে তালা ভেঙে শিক্ষকদের বের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলেও অনেক কলেজে ফরম পূরণের সুযোগ ছিল। কিন্তু তাদের কলেজে কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই তারা শিক্ষকদের কক্ষে তালা দিয়েছে।
কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার জানান, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক কয়েকটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়নি। এ কারণে ফরম পূরণের শেষ দিন গতকাল ওই শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করার সুযোগ দেওয়া হলে কলেজের পাসের হার কমে যাবে। ওই শিক্ষার্থীদের ফরম পূরণের বিষয়ে পরিচালনা পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বহাল থাকবে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা আমার সঙ্গে কথা বলেছিল। আমি তাদের ভালো করে পড়াশোনা করে আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য বলেছি।’