মুরাদনগরে ধর্ষণের পর প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের এক প্রতিবন্ধী নারী (২৯) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মামলার আসামিরা বাদীর পরিবারকেও মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার এ বিষয়ে ওই নারী বাদী হয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি এজাহারভুক্ত করার জন্য বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলা করায় বাদী ও তাঁর পরিবারকে আসামিরা হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার সাত আসামি হলেন ডালপা গ্রামের জানু মিয়া (৪৫), জাহানারা বেগম (৪০), মোতালেব মিয়া (২৫), মো. হানিফ (২৩), ময়নাল হোসেন (২২), খুকি আক্তার (১৮) ও ফারুক মিয়া (২২)।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মামলার ১ নম্বর আসামি জানু মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশের ভিটিতে বিভিন্ন সময়ে ডালপা গ্রামের ওই নারীকে জানু মিয়া ধর্ষণ করেন। পরে পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে চিকিত্সকের শরণাপন্ন হন। এতে তিনি অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকেরা নিশ্চিত করেন। এ ঘটনার বিচার চাইতে গিয়ে পরিবারের সদস্যরা মারধরের শিকার হন। পরে থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি।