মুলাদী ও অভয়নগরে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় আসামি ধরিয়ে দেওয়ায় গত শুক্রবার একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মুলাদীতে নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান হাওলাদার (৪৫)। তাঁর বাড়ি উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামে। অভয়নগরে হত্যার শিকার ব্যক্তির নাম রবিউল ইসলাম সরদার (৩০)। তিনি গ্রামতলা এলাকার বাসিন্দা ও দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা তিনটার দিকে আনিসুর রহমান বাটামারা জাগরণী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কয়েক ব্যক্তি তাঁকে একই গ্রামের আলমগীর কবিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে লোহার রড দিয়ে পেটানো ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। খবর পেয়ে উদ্ধার করতে গেলে আনিসুরের ভাই দাদন হাওলাদারকেও মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্বজনেরা তাঁদের উদ্ধার করে রাত আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।
ছবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা বলেন, পূর্বশত্রুতার জের ধরে আনিসুরকে হত্যা করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, কয়েক মাস আগে ছবিপুর এলাকায় মো. রিপন নামের এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মামলার আসামি আলমগীরকে কিছুদিন আগে পুলিশের কাছে ধরিয়ে দিতে সহায়তা করেন আনিসুর। সম্প্রতি জামিনে মুক্তি পান আলমগীর। তাঁর নেতৃত্বে দুর্বৃত্তদের একটি দল আনিসুরকে অপহরণ করে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় তাঁর ভাই পারিচুর রহমান হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে অভয়নগর থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একতারপুর ও জাফরপুর গ্রামের মধ্যবর্তী খালেরপাড় বিলের মধ্যে রবিউল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
গ্রামতলা এলাকার পাটকলের শ্রমিক সাদ আলী বলেন, ‘বিলের মধ্যে এক ব্যক্তির গোঙানির শব্দ শুনে গ্রামবাসীকে জানাই। তাঁরা থানায় খবর দেন।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, লাশের বুক ও চোখে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত রবিউল ইসলামের বাবা আবদুর রউফ সরদার মামলা করেছেন। মামলায় পারিবারিক দ্বন্দ্বের বিষয় উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।