মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সূত্র বলেছে, বিপুল পরিমাণ সম্পদ থাকার যে দাবি মুসা করেছেন, এর সপক্ষে তিনি দুদককে যথাযথ তথ্য দিতে না পারায় মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। মামলায় দুদক আইনের ২(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার এবং ২৭(১) ধারায় জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। গতকাল দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এ মামলার অনুমোদন দেয় কমিশন।
২০১৫ সালের জুনে দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে মুসা বলেছেন, সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। সুইস ব্যাংকের ভল্টে ৯০ মিলিয়ন ডলার দামের অলংকার জমা রয়েছে। দুদককে এসব অর্থের কোনো দালিলিক তথ্য দেখাতে পারেননি তিনি।