মুসার পরিচয় নিশ্চিত করতে মায়ের ডিএনএ সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত চার জঙ্গির পরিচয় শনাক্ত হয়নি। তাদের একজন নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা কি না, সেটি জানতে তার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ নমুনা সংগ্রহ করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে আতিয়া মহল বিস্ফোরকমুক্ত করার কাজ গতকালও শুরু হয়নি।
পুলিশ বলেছে, মুসার মা সুফিয়া বেগমের সংগ্রহ করা ডিএনএ নমুনা নিহত জঙ্গিদের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। গতকাল সকালে সুফিয়া তাঁর মেয়েকে নিয়ে সিলেটে পৌঁছান। রাজশাহীর বাগমারা থেকে গত বুধবার প্রথমে তাঁদের ঢাকায় নেওয়া হয়। নিহত নারী জঙ্গি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মনজিয়ারা পারভিন কি না, সেটি নিশ্চিত হতে বুধবার তাঁর বাবা নুরুল ইসলামের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সিলেটে নিহত জঙ্গিদের মধ্যে মুসা রয়েছে। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য, নিহত তিন পুরুষ জঙ্গির মধ্যে একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার যথেষ্ট মিল রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, নিহত জঙ্গিদের মধ্যে মুসা রয়েছেন কি না, সেটি ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গতকাল বিস্ফোরক নিষ্ক্রিয়করণ একটি দল সিলেটে পৌঁছেছে। তবে সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহল বিস্ফোরকমুক্ত করার কাজ শুরু হয়নি। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, আজ শুক্রবার বোমা-বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহত চার জঙ্গির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আতিয়া মহলের আশপাশ এলাকায় বন্ধ করে দেওয়া গ্যাস সরবরাহ গত বুধবার রাত থেকে আবার চালু করা হয়েছে। তবে আতিয়া মহল ও পাশের একটি বাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাতে জালালাবাদ গ্যাসের দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক রুস্তুম আলী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আতিয়া মহলে জঙ্গি আস্তানা সন্দেহে গত শুক্রবার অভিযান শুরু হয়।