মুসার পরিচয় নিশ্চিত হতে মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ
সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত চার জঙ্গির একজন মঈনুল ইসলাম ওরফে মুসা কি না, এ বিষয়ে নিশ্চিত হতে মুসার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই নমুনা সংগ্রহ করা হয়। এর আগে সকালে মুসার মা সুফিয়া বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই নমুনা নিহত জঙ্গিদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
গত শুক্রবার থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর কমান্ডোরা। টানা পাঁচ দিনের অভিযান শেষে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অভিযান সমাপ্তের ঘোষণা দেয় সেনাবাহিনী।
সংবাদ সম্মেলনে জানানো হয় আতিয়া মহলের ভেতরে থাকা একজন নারী জঙ্গি ও তিন পুরুষ জঙ্গি নিহত হয়েছেন। তিন পুরুষ জঙ্গির একজন নব্য জেএমবির শীর্ষ জঙ্গি মাঈনুল ইসলাম ওরফে মুসা বলে ছবি দেখে নিশ্চিত হয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।