মুসার সম্পদ অনুসন্ধানে ড্যাটকোর ব্যবস্থাপককে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানে তাঁর প্রতিষ্ঠান ড্যাটকো লিমিটেডের ব্যবস্থাপক ফারুক-উজ-জামানকে তলব করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁর কাছে পাঠানো নোটিশে ২৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে।

মুসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছেন উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। এর আগে পাঠানো এক নেটিশে মুসা বিন শমসেরকে ১৮ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। একই অনুসন্ধানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার মুসার আত্মীয় ব্যবসায়ী কে এম শহীদুল্লাহকেও দুদকে ডেকে পাঠানো হয়।
গত ৩ নভেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে মুসার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীর ঈদসংখ্যায় মুসাকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের সূত্র ধরে তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই সাময়িকীতে এই ব্যবসায়ীর সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়।
বিজনেস এশিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য ও কেনাবেচার মধ্যস্থতার মাধ্যমে বিপুল ধনসম্পদের অধিকারী হয়েছেন মুসা। ড্যাটকো নামে তাঁর জনশক্তি রপ্তানির ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিবেদনে মুসাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ব্যবসার ‘জনক’ বলে অভিহিত করা হয়।
বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে ‘প্রিন্স’ হিসেবে উল্লেখ করা হয়।
যুক্তরাজ্যের দ্য উইকলি নিউজ সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, মুসা বিন শমসের সব সময় সবচেয়ে সেরা জিনিস ব্যবহার করতে পছন্দ করেন। তিনি প্রতিদিন গোলাপ পানিতে গোসল করেন। নিত্যদিনের চলাফেরা বা বিশেষ কোনো অনুষ্ঠানে অঙ্গসজ্জা ও বেশভূষায় তিনি ৭০ লাখ ডলার মূল্যের অলংকার ব্যবহার করেন।
দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, পত্রিকার প্রতিবেদনে মুসার আয়, আয়ের উৎস ও জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, সেটা দুদকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তাই তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১০ সালে বাংলাদেশের একটি ট্যাবলয়েড দৈনিকে ছাপা প্রতিবেদনের ওপর ভিত্তি করে মুসার সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।