মুয়াজ্জিনকে কুপিয়ে আহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি আহমদিয়া মসজিদের মুয়াজ্জিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে সরিষা ইউনিয়নের খানপুর এলাকায় অবস্থিত আহমদিয়া মুসলিম জামাতের ওই মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। ওই মুয়াজ্জিনের নাম মোস্তাফিজুর রহমান। বাড়ি দিনাজপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে মসজিদে তখন এশার নামাজের জামাত আয়োজনের প্রস্তুতি চলছিল। ওই সময় মুসল্লির ছদ্মবেশে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনকে কোপাতে শুরু করে। এ ঘটনায় উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলে গণপিটুনি দেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, আটক ব্যক্তির নাম আবদুল আহাদ (২০)। বাড়ি নেত্রকোনার কলমাকান্দা গ্রামে। গণপিটুনিতে তিনি অচেতন হয়ে পড়েন।
সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউসুফ মিয়া জানান, মুয়াজ্জিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সীমা সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।