যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার মূল আসামি ওয়াহিদুজ্জামান ওরফে ঠোঁট মোটা সুমনকে (২২) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওয়াহিদুজ্জামান উপজেলার চলিশিয়া গ্রামের হারুন মোল্যার ছেলে। তিনি শিবিরের একজন সক্রিয় কর্মী। উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ার সহিংস ঘটনার সন্দেভাজন হিসেবে পুলিশের হাতে আটক হয়েছিলেন সুমন।
গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেলে আরোহী তিন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। ওলিয়ার একই সঙ্গে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।
মোল্যা ওলিয়ার রহমানের স্ত্রী নূরজাহান বেগম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি হত্যাকারীদের দ্রুত ধরা হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। কিন্তু পুলিশ এখনো মূল হত্যাকারী ও মদদদাতাদের ধরছে না।’
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন ২৪ নভেম্বর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা এবং একই দিন যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে অস্ত্র আইনে অভয়নগর থানায় পৃথক মামলা করেন। গোয়েন্দা পুলিশের মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন হত্যায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এঁরা হলেন জাহিদুল ইসলাম ওরফে রুবেল (২২), শিশির মণ্ডল (২৫) ও আলামিন ফারাজী (২৩) ওরফে আলা। হত্যার সময় ব্যবহৃত দুটি বিদেশি বন্দুক, ১৮টি গুলি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস (৫০) তাঁদের ওই অস্ত্র দুটি সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মনিজ্জামান বলেন, মূল হত্যাকারী ওয়াহিদুজ্জামান ওরফে ঠোঁট মোটা সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মূলত নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাওয়াকে কেন্দ্র করে প্রসেন রায়ের পরিকল্পনায় মোল্যা ওলিয়ার রহমান খুন হয়েছেন। প্রসেনকে ধরতে পারলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।