টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার সোহাগপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হত্যার ঘটনায় করা মামলারও এক নম্বর আসামি জাহাঙ্গীর। তাঁকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এ নিয়ে মামলাটির এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৬ অক্টোবর ঈদুল আজহার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের হাসনা বেগম (৩৫) এবং তাঁর স্কুলপড়ুয়া তিন মেয়ে মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। তাঁরা সবাই তখন ঘুমিয়ে ছিলেন। হাসনা বেগমের স্বামী মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমান। ঘটনার পরদিন তিনি দেশে আসেন।
মজিবরের বড় মেয়ে গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একই গ্রামের জাহাঙ্গীর। কিন্তু মনিরার পরিবার এই বিয়েতে রাজি না হওয়ায় আক্রোশের বশে জাহাঙ্গীর সবাইকে পুড়িয়ে মেরেছেন বলে এর আগে পুলিশ, নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এই মামলায় জাহাঙ্গীরের চাচাতো ভাই নূর মোহাম্মদ গত মাসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেপ্তারের পরপরই জাহাঙ্গীরকে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছিল বলে জানা গেছে।
ঘটনার পর থেকে জাহাঙ্গীরের পরিবার এলাকাছাড়া। তাঁদের বাড়ি পাহারা দিচ্ছেন একজন চৌকিদার। রাতে একাকী জাহাঙ্গীর কেন বাড়িতে এসেছিল, এ বিষয়ে প্রশ্ন করা হলে এসআই বিস্তারিত পরে বলবেন বলে মন্তব্য করেন।
জাহাঙ্গীরের বাড়িতে পাহারার দায়িত্বে থাকা উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চৌকিদার আওলাদ হোসেন মুঠোফোনে বলেন, সন্ধ্যার পর থেকে তিনি ওই বাড়ি পাহারা দিচ্ছিলেন। তখন তাঁর সঙ্গে দেখা করতে আসেন মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম। তিনি মজিবর রহমানের বাড়ির পাহারার দায়িত্বে আছেন। এ সময় হঠাৎ করে দাড়িওয়ালা এক লোক তাঁর সামনে এসে দাঁড়ান। আওলাদ হোসেন তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে জাহাঙ্গীর বলে দাবি করেন। কিন্তু তাঁর কথায় সন্দেহ হলে তাঁরা তাঁকে একটি বেঞ্চে বসিয়ে পাশের বাড়ির এক লোককে ডাকেন। তাঁরা জাহাঙ্গীরের পরিচয় নিশ্চিত করলে আওলাদ ও নুরুল ইসলাম জাহাঙ্গীরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করেন। পরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদকে খবর দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান।
গ্রেপ্তার হওয়ার খবরে এই মামলার বাদী মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন বলেন, ‘জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ায় খুশি হয়েছি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত নিহতদের আত্মা শান্তি পাবে না।’