মূল আসামি ধরা পড়েনি, তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই ভাই খুনের মামলার মূল আসামি আইয়ুব আলী খানকে গত দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অগ্রগতি নেই মামলার তদন্তেও। নতুন করে মামলার এজাহারভুক্ত কোনো আসামিকেও ধরা হয়নি। পুলিশের দাবি, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাতে নগরের চান্দগাঁও এলাকার খাজা রোডে বাড়ির কাছে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। কাঠ ব্যবসায়ী আবু ছিদ্দিককে বাঁচাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন বড় ভাই ফরিদুল আলমও। এ ঘটনায় আইয়ুব আলীকে এক নম্বর আসামি করে ২০ জনের বিরুদ্ধে শনিবার চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, আইয়ুবের খোঁজে আমরা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছি। ওই মামলার নতুন কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আইয়ুবের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, কাঠ ব্যবসা নিয়ে বিরোধের কারণেই খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অন্য কোনো বিষয় রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি জিয়াউর রহমান ও লোকমানকে গতকাল রোববার আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। আজ সোমবার এ বিষয়ে শুনানি হবে। গ্রেপ্তার হওয়া জিয়ার সঙ্গে হত্যাকাণ্ডের দিন আইয়ুব আলী মুঠোফোনে একাধিকবার কথা বলেছেন এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগও এনেছেন এলাকার কিছু লোক। এ বিষয়ে মামলার বাদী ও নিহত দুজনের বড় ভাই মঈনুদ্দিন খান বলেন, খুনিদের পক্ষ নিয়ে কেউ কেউ আমার ভাইদের নামে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে গত চার বছরে কোনো মামলা নেই।