মাগুরা শহরে ছাত্রলীগের দুই গ্রুপের বৃহস্পতিবারের সংঘর্ষে জড়িত ছিলেন ১৬ জন। গ্রেপ্তার হয়েছেন মাত্র দুজন। এ সংঘর্ষের সময় অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম ও তাঁর পেটে থাকা বাচ্চা গুলিবিদ্ধ হয়। গুলিতে নিহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া।
ঘটনার পরদিন শুক্রবার মাগুরা সদর থানায় শিশুটির চাচা রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তার করেনি।
পুলিশ সূত্র বলছে, এজাহারভুক্ত মূল আসামি সেন সুমনসহ কয়েকজন ঢাকায় ছাত্রলীগের কাউন্সিলে উপস্থিত ছিলেন।
গুলিবিদ্ধ নাজমা বেগম প্রথম আলোকে জানান, গোলাগুলির সময় তিনি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। গুলি এসে তাঁর পেটে লাগে। অভিযুক্ত ব্যক্তিদের নাম জানালেও পুলিশ তাঁদের ধরার ব্যাপারে আন্তরিক নয় বলে তাঁর অভিযোগ। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে একাধিক অভিযুক্ত ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তাঁরা ঘটনার শিকার। আসলে ছাত্রলীগের দুই পক্ষকে মদদ দিচ্ছেন সাচ্চু ও হিসাম।
উল্লেখ্য, আনিসুজ্জামান ওরফে সাচ্চু ও আশরাফুজ্জামান ওরফে হিসাম দুই ভাই। এ ব্যাপারে জানতে চাইলে আনিসুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অত্যন্ত সহজ-সরল একটা মানুষ। একটা কিছু ঘটবে আঁচ পেয়ে আমি পুলিশকে বলেছিলাম দুটো পরিবারকেই টাইট দিতে। পুলিশ দেয়নি। আমরা তো আর প্রভাবশালী নই।’
আশরাফুজ্জামান ওরফে হিসামকে ফোন করে ও খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের আদালতে চালান করা হয়েছে।