মূল আসামি রেস্তোরাঁ মালিক, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের রেস্তোরাঁর সেই শিশু শ্রমিক আকরাম হোসেনকে (১৪) পাওনা মজুরি চাওয়ার কারণেই মালিক সোলায়মান আলী (৫৫) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে বদরগঞ্জ থানায় নিহত আকরামের বাবা আশরাফ আলীর দায়ের করা মামলার এজাহারে হত্যার কারণ হিসেবে এ কথা উল্লেখ করা হয়েছে।

মামলার আসামি রেস্তোরাঁ মালিক সোলায়মান, তাঁর ছেলে সোয়েল মিয়া (২২), মোজাফ্ফর হোসেন (৩২) ও রেস্তোরাঁ মালিকের ছোট ভাই রফিকুল ইসলাম (৩৫)। পুলিশ ওই রাতেই রফিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার প্রথম আলোতে ‘বদরগঞ্জে রেস্তোরাঁয় শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

মামলার এজাহার অনুযায়ী, রংপুরের তারাগঞ্জ উপজেলার চিলাপাক মাটিয়ালপাড়া গ্রামের হতদরিদ্র আশরাফ আলীর দুই ছেলে আকরাম হোসেন (১৪) ও আনোয়ার হোসেন (২০) বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের শেখেরহাটে অবস্থিত সোলায়মান আলীর চায়ের দোকানে কাজ করত। দুই ভাইয়েরই মজুরির টাকা পাওনা ছিল রেস্তোরাঁ মালিকের কাছে। এর মধে৵ আকরামের মজুরি বকেয়া ছিল ৩ হাজার টাকা। এই পাওনা টাকা চাইতে গিয়ে মালিক সোলায়মানের সঙ্গে দুই ভাইয়েরই কথা-কাটাকাটি হয়। আনোয়ার কথা-কাটাকাটির পর বাড়ি চলে যান। আকরামকে পাওনা টাকা দেওয়ার কথা বলে সোলায়মান গত শুক্রবার রাতে রেস্তোরাঁয় থাকতে বলেন। মালিকের কথামতো ওই দিন রাত ১১টার দিকে আকরাম কাজ শেষে রেস্তোরাঁয় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দোকানের কারিগর ভুট্টু মিয়ার মাধ্যমে আকরামের মৃত্যুসংবাদ পাঠান সোলায়মান আলী।

মামলার এজাহারে সাক্ষী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছেন ওই রেস্তোরাঁর জায়গার মালিক ইউনুছ আলী। রেস্তোরাঁ ঘেঁষেই ইউনুছের বাড়ি। গতকাল বিকেলে ইউনুছ আলীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ইউনুছ আলীর জবানবন্দি নিতে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হোটেল মালিক সোলায়মান ও তাঁর ছেলেরা যে আকরামকে খুন করেছেন তা পরিষ্কার। তাঁরা এখন পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে।