রাজশাহীর বাগমারায় গ্রাম্য সালিসে ধর্ষণের ঘটনার বিচার ও জরিমানার টাকা ভাগ-বাঁটোয়ারা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সাত আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে দ্বীপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মতিউর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে সাত আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছেন। ঘটনার সময় তিনি ও আরেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা ওছমান আলী উপস্থিত না থাকলেও অভিযোগপত্রে শুধু তাঁদের নাম দেওয়া হয়েছে। গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমানকেও অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে লুৎফর রহমান সালিসে ধর্ষণের বিচার করা ও লাখ টাকা জরিমানা আদায়ের কথা স্বীকারও করেছিলেন। ইউপি চেয়ারম্যানের নির্দেশে তিনি (লুৎফর) বিচার করেছিলেন বলে জানিয়েছিলেন। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
গত বছরের ২০ নভেম্বর প্রথম আলোয় ‘গ্রাম আদালতে লাখ টাকা জরিমানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি ব্যাপক আলোচিত হয়। ওই দিনই ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাবা ধর্ষণের জন্য অভিযুক্ত ব্যক্তি ও দ্বীপপুর ইউপির নয় সদস্যকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন। ওই ইউপি সদস্যরা হলেন লুৎফর রহমান, ওছমান আলী, দেরাজুল ইসলাম, সেকেন্দার আলী, ওয়াজেদ আলী, আমজাদ হোসেন, মকলেছুর রহমান, নুরুল ইসলাম ও মতিউর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, বাদীর কলেজপড়ুয়া মেয়েকে আয়েন উদ্দিন নামের একজন ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান অন্যদের নিয়ে গ্রাম আদালত বসিয়ে বিচার করে আয়েন উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন। এর কিছু টাকা বাদীকে এবং অবশিষ্ট টাকা ইউপি সদস্যরা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন।
মতিউর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের বিষয়টি গোপন রেখে এ মামলায় জড়ানোর ভয় দেখিয়ে স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা দাবি করেছেন। আওয়ামী লীগের কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন শাখার সহসভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম অভিযোগ করেন, মামলায় তাঁর ছেলেকে জড়ানোর ভয় দেখিয়ে তদন্ত কর্মকর্তা মুঠোফোনে টাকা দাবি করেছেন। ওই কলেজছাত্রীর পরিবারের এক সদস্য বলেন, পুলিশ প্রভাবিত হয়ে মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করেছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হাসমত আলী গতকাল শনিবার মুঠোফোনে তিনি অভিযোগপত্র দাখিলের বিষয়টি অস্বীকার করে বলেন, মামলার তদন্ত চলছে। ১৪ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা ওই মামলার অভিযোগপত্রের ফটোকপি এ প্রতিবেদকের কাছে আছে জানালে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি। টাকা দাবির বিষয়টিও তিনি অস্বীকার করেন। গ্রাম আদালতের বিচারকসহ মূল আসামিদের কীভাবে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে যান।