মূল ও শাখা ক্যাম্পাসের বিরোধে সনদ পাচ্ছেন না ১২১ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগ মূল ক্যাম্পাস এবং ও আর নিজাম রোডের জিইসি ও হালিশহর শাখা ক্যাম্পাস কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে দুই ক্যাম্পাসের এমবিএর ১২১ জন শিক্ষার্থী সনদ পাচ্ছেন না। শিক্ষার্থীরা আদালতের শরণাপন্ন হলেও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে মামলা তুলে নেন। কিন্তু তাতেও সনদ মিলছে না।
বিশ্ববিদ্যালয়টির হালিশহর ও জিইসি শাখা ক্যাম্পাস আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়েও বিষয়টি উল্লেখ করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, এই দুই ক্যাম্পাসে ২০১০-২০১১ এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষের এমবিএর ১২১ শিক্ষার্থী পড়াশোনা শেষে মূল ক্যাম্পাসে সনদের জন্য আবেদন করেন। কিন্তু তাঁদের সনদ দেওয়া হচ্ছে না। এঁদের মধ্যে হালিশহর শাখা ক্যাম্পাসের ৪২ জন এবং জিইসি শাখা ক্যাম্পাসের ৭৯ জন শিক্ষার্থী।
জিইসি শাখা ক্যাম্পাসের এ রকম ভুক্তভোগী ছাত্র মো. মারুফুল হকের অভিযোগ, তিনি সেমিস্টার ফি বাবদ ৮০ হাজার টাকা ও সনদ বাবদ চার হাজার টাকা দিয়েছেন শাখা ক্যাম্পাসকে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শাখা ক্যাম্পাসের মাধ্যমে আরও ১৫ হাজার টাকা ও উত্তরপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র মেহেদীবাগ ক্যাম্পাসে পাঠানোর পর এক শিক্ষকের কাছে থিসিস করেন। ২০১৩ সালের ২১ মে তাঁর মৌখিক পরীক্ষা শেষ হয়। এখন পর্যন্ত তাঁকে সনদ দেওয়া হয়নি।
মারুফুল মূল ক্যাম্পাসে থিসিস করার সুযোগ পেলেও বাকিরা তাও পাননি।
এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০১৩ সালের ১১ জুন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মূল ক্যাম্পাসের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ সারোয়ার জাহানকে বিবাদী করে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন শিক্ষার্থীদের সনদ দেওয়ার আশ্বাস দিলে ওই বছরের ১৩ অক্টোবর মামলা তুলে নেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে মূল ক্যাম্পাস ও শাখা ক্যাম্পাসের কারও কাছ থেকে সাড়া পাচ্ছেন না তাঁরা।
এ বিষয়ে হালিশহর ও জিইসি শাখা ক্যাম্পাসের পরিচালক মো. সেলিম বলেন, ‘আদালতের স্থগিতাদেশের মাধ্যমে তাঁদের কার্যক্রম চলছে। তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন ছাত্রদের হাতে সনদ তুলে দেওয়া যায়। এ বিষয়ে মেহেদীবাগ ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়কেও জানিয়েছেন।
অন্যদিকে মেহেদীবাগ ক্যাম্পাসের কোষাধ্যক্ষ মো. সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘দুটি ক্যাম্পাস যেহেতু অবৈধ। তাই তাদের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবু ওই সব শিক্ষার্থীকে নির্দিষ্ট ফি দিয়ে একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া সাপেক্ষে সনদ দেওয়ার ব্যবস্থা রেখেছি। কিন্তু কেউ সেভাবে যোগাযোগ করেনি।’ মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলে তা মানা হবে।