মূল পরিকল্পনাকারী বাংলাদেশে ছিলেন ১৪ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী বাংলাদেশে ১৪ দিন অবস্থান করেছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, ব্যাংকক পুলিশ বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁর ভ্রমণসংক্রান্ত তথ্য দিয়েছে তাঁর নাম আবদুর রহমান আবদুস সাত্তার ওরফে একেএ আইজান। তিনি গত ১৬ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। আর গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তিনি জেটএয়ারের একটি বিমানে করে ঢাকা ত্যাগ করেন। তাঁর আরোহণপত্রে দেখা গেছে তাঁর গন্তব্যস্থল বেইজিং। তিনি চীনা পাসপোর্ট ব্যবহার করেছেন।

এ তথ্য থাই পুলিশকে জানানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে। তবে গত ১৬ আগস্ট ঢাকায় এসে ৩০ আগস্ট পর্যন্ত ওই ব্যক্তি কোথায় ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ১৭ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে ইরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হন।

বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, মূল পরিকল্পনাকারীর বাংলাদেশ গমন নিয়ে তথ্য পাওয়ার পর থাই পুলিশ এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে অনুরোধ করে।