মূল পরিকল্পনাকারীরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার তিন মাস পরও এ ঘটনায় হওয়া মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ ছাড়া এ হত্যার মূল পরিকল্পনাকারীরাও গ্রেপ্তার হননি। এসব অভিযোগ একরামুল হকের পরিবারের সদস্যদের। এ কারণে তাঁরা হতাশা ব্যক্ত করেছেন। তবে পুলিশ দাবি করেছে, মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

পুলিশ ও নিহত একরামুল হকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হকের গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এরপর তারা তাঁকে কুপিয়ে, গুলি করে এবং পুড়িয়ে হত্যা করে। ওই রাতেই একরামুল হকের বড় ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ মিনার চৌধুরীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

একরামুলের পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টার ও জেলা শহরের একাডেমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘রুটি’ সোহেলসহ কয়েকজনের নাম বের হয়ে আসে। কিন্তু পুলিশ এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।

 একরামুল হকের স্ত্রী তাসমিন আক্তার গতকাল সোমবার মুঠোফোনে বলেন, তাঁর স্বামীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় হত্যার ঘটনা এবং পরিকল্পনাকারীদের নাম উঠে আসে। তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, এ শহরে সাধারণ মানুষও জানে কারা হত্যার মূল পরিকল্পনাকারী। কিন্তু পুলিশ তাদের শনাক্ত করতে পারছে না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

মামলার বাদী বলেন, মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। এখন শোনা যাচ্ছে মামলার কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্যে কয়েকজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি আরও জানান, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

তবে এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দাবি করেন, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীসহ (মিনার চৌধুরী) মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদসহ ১৬ জন হত্যার ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত সন্ত্রাসীদের একটি গাড়ি, দুটি মোটরসাইকেল, তিনটি আগ্নেয়াস্ত্র এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, খুব শিগগিরই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। আসামিদের জবানবন্দিতে যাঁদের নাম এসেছে, পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।

জানা গেছে, এ মামলায় গ্রেপ্তার হওয়া মিনার চৌধুরী ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। মিনার চৌধুরী বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান একরামুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ২১ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত রোববার ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।