রাজধানীর পুরানা পল্টনে সাংসদ গোলাম দস্তগীর গাজীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ছাত্রলীগের নেতাকে গুলি করার ঘটনায় মূল সন্দেহভাজন মাসুদ রানাকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা বলেছেন, ৩০০ ফুট এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের নেতা মোশাররফ হোসেনকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছিল।
র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গতকাল ভোরে কুমিল্লার সদর দক্ষিণ থানার সীমান্তবর্তী গোলিয়ার ইউনিয়ন থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত সোমবার বিকেলে পুরানা পল্টনে সাংসদ গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়ে পেটে গুলিবিদ্ধ হন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন।
ঘটনার ব্যাপারে সোমবার রাতেই আহত মোশাররফের ভগ্নিপতি রুহুল আমিন পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সোমেন কুমার বড়ুয়া গতকাল বলেন, মামলায় গুলিবর্ষণকারী হিসেবে মাসুদ রানা ও তাঁর অজ্ঞাতনামা দুই সহযোগী এবং নির্দেশদাতা হিসেবে সাংসদের সহকারী একান্ত সচিব (এপিএস) কামরুজ্জামান হীরার নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন তিনি জামিন পান।
এজাহারে বলা হয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মোশাররফ ও তাঁর সহযোগীদের সঙ্গে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরোধ ছিল। বিরোধ মীমাংসা করতে উভয় পক্ষকে সোমবার পল্টনে ডেকেছিলেন কামরুজ্জামান। সেখানে মাসুদ রানাসহ অজ্ঞাতপরিচয় দুজন প্রথমে মোশাররফকে থাপ্পড় মারেন। মাসুদ রানা পরে মোশাররফের পেটে গুলি করে পালিয়ে যান।
গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার করা মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই ঘটনার তিন-চার দিন আগে রূপগঞ্জের ভুলতার কায়েতপাড়ায় ভূমিদস্যুবিরোধী একটি সভায় তাঁর সঙ্গে মোশাররফের হাতাহাতি হয়। নিজের আধিপত্য বজায় রাখতে মরিয়া মাসুদ তাঁর পূর্বপরিচিত অস্ত্র ব্যবসায়ী রাইফেল আলমগীরের কাছ থেকে দুটি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন সংগ্রহ করেন। পরে আলমগীরের গাড়িতে করে পল্টনে সাংসদের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ২০১৫ সালের ৩১ জানুয়ারি র্যাব-১১-এর একটি দল মাসুদ রানাকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছিল। ওই সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও আটটি রামদা উদ্ধার করা হয়েছিল।