মূল্যতালিকা নেই দোকানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে রমজান মাসে বিভিন্ন বাজারে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী তা মানছেন না বলে অভিযোগ রয়েছে।
নগরের সিও বাজার, ধাপ বাজার, সিটি বাজার, নবাবগঞ্জ বাজার, কামালকাছনা বাজার, মাহিগঞ্জ বাজারসহ অধিকাংশ বাজারের দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো হয়নি। এর মধ্যে গত বুধবার সিও বাজার, ধাপ বাজার ও সিটি বাজার সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোয় মূল্যতালিকা টাঙানো হয়নি।
সিও বাজারে দুই শতাধিক দোকান আছে। এসব দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ নানা ধরনের পণ্য বিক্রি করা হয়। সরেজমিনে কোনো দোকানেই মূল্যতালিকা দেখা যায়নি। এই বাজারের আসাদ স্টোরের মালিক আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না।’
শহরের সবচেয়ে বড় সিটি বাজার। এখানে পাঁচ শতাধিক দোকান। এ বাজারে তেল, ছোলা, লবণ, আটা, মসলাজাতীয় পণ্য, মাছ-মাংসসহ সব ধরনের তরিতরকারিও বিক্রি হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি বাজারে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ দোকানেই মূল্যতালিকা নেই। তবে এ বাজারের নির্দিষ্ট একটি স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখা হয়েছে।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘রমজান শুরুর সময় আমরা সব ব্যবসায়ীকে নিজ নিজ দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দিয়েছি।’