সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার খাতা শিক্ষকেরা ঠিকভাবে মূল্যায়ন করছেন না বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সমাপনী পরীক্ষার আগে অক্টোবর মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এ জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৪০ টাকা করে ফি নেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে একযোগে এ পরীক্ষায় তারা অংশ নেয়। গত সপ্তাহ থেকে মূল্যায়ন পরীক্ষার খাতা বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রছাত্রীদের দেখানোর জন্য নিজ নিজ বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু খাতা হাতে পেয়ে শিক্ষার্থী-অভিভাবকদের অনেকে হতাশ হয়ে পড়েছেন। কোমলমতি শিশুদের প্রথম বড় পরীক্ষার মূল্যায়ন খাতা দেখা হয়েছে অবহেলার সঙ্গে। অনেক ঠিক উত্তর কেটে দেওয়া হয়েছে। আবার ভুল উত্তরে নম্বর দেওয়া হয়েছে। অনেকে প্রশ্নের অর্ধেক উত্তর দিলেও পুরো নম্বর পেয়েছে, আবার ভালো উত্তর লিখেও অনেকে পেয়েছে অর্ধেক নম্বর। এ ছাড়া খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরে যে নম্বর দেওয়া হয়েছে, তার সঙ্গে প্রথম পৃষ্ঠায় দেওয়া মোট নম্বরের গরমিল পাওয়া গেছে। বেশির ভাগ খাতায় পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষকের কারও স্বাক্ষর নেই। এ কারণে বোঝা যাচ্ছে না খাতাটি কে মূল্যায়ন করেছেন। কেউ কেউ স্বাক্ষর করলেও প্রথম পৃষ্ঠায় বিস্তারিতভাবে নম্বর দেননি।
উপজেলার রায়গঞ্জ পৌরসভাসহ বিভিন্ন এলাকার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী জানায়, খাতা মূল্যায়ন করার ধরন দেখে তাদের মন খারাপ হয়েছে। এভাবে সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন করার কারণে মূল পরীক্ষায় ঠিকমতো নম্বর পাবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করে।
উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ১০ জন শিক্ষক বলেন, এমনও খাতা দেখা গেছে, যেখানে ছাত্র ১০ নম্বরের উত্তর দিয়েছে আর মূল্যায়নকারী শিক্ষক তাকে ১৪ নম্বর দিয়েছেন।
উপজেলার তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নম্বর নিয়ে কারও অভিযোগ থাকলে নির্দিষ্ট ওই বিদ্যালয়ের শিক্ষককে জানাতে পারেন।
খাতা মূল্যায়নকারী ১০ জন শিক্ষক বলেন, একজন শিক্ষককে ৪০-৫০টি করে খাতা মূল্যায়ন করার জন্য সর্বোচ্চ দুদিন সময় দেওয়া হয়েছে। আবার এসব খাতা দেখতে সম্মানী দেওয়া হয়েছে মাত্র এক টাকা করে। তাই অনেকেই গুরুত্ব দিয়ে খাতা দেখেননি। এ কারণে সমাপনী পরীক্ষার খাতা দেখেন, এমন অনেক শিক্ষক এই পরীক্ষার খাতা দেখেননি।
উপজেলার ধানগড়া এলাকার তিনজন অভিভাবক বলেন, মূল্যায়ন পরীক্ষা নাম দিয়ে হেলাফেলা করে খাতা দেখা হয়েছে।
চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও ভালোভাবে এ কাজ করা হবে।
১০ জন শিক্ষক বলেন, মূলত মূল্যায়ন পরীক্ষার খাতা দেখতে সম্মানীর পরিমাণ কম হওয়ায় এমন অবস্থা হয়। সমাপনী পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়নের জন্য ছয় টাকা দেওয়া হয়। অথচ মূল্যায়ন পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয় মাত্র এক টাকা। ফলে সমাপনী পরীক্ষায় যারা খাতা মূল্যায়ন করেন, তাঁদের অনেকেই এ পরীক্ষার খাতা দেখেন না।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, ভবিষ্যতে আরও সতর্কভাবে খাতা মূল্যায়ন করার ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বিষয়টি জানার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।