মূল্যায়ন পরীক্ষায় অবমূল্যায়ন!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষার খাতায় অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সূত্র জানায়, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২২৩টি প্রতিষ্ঠানের পাঁচ হাজার ৬৮৩ জন ছাত্রছাত্রী অংশ নেবে। সমাপনী পরীক্ষার আগে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এ জন্য প্রতি শিক্ষার্থীকে ৪০ টাকা করে পরীক্ষা ফি দিতে হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে একযোগে এ পরীক্ষায় তারা অংশ নেয়।
৩০ অক্টোবর থেকে মূল্যায়ন পরীক্ষার খাতা ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়। খাতা হাতে পেয়ে শিক্ষার্থী-অভিভাবকদের অনেকের মধ্যে হতাশা নেমে এসেছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রথম বড় পরীক্ষার মূল্যায়ন খাতা দেখা হয়েছে অবহেলার সঙ্গে!
খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরে যে নম্বর দেওয়া হয়েছে, ওপরের পৃষ্ঠায় যোগ করে গরমিল পাওয়া গেছে। এমনও দেখা গেছে, ঠিক উত্তরে নম্বর দেওয়া হয়নি, আবার ভুল উত্তরে নম্বর দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক পরীক্ষক খাতায় সই করেননি। ফলে বোঝা যাচ্ছে না খাতাটি কে দেখেছেন। কেউ কেউ স্বাক্ষর করলেও ওপরের পৃষ্ঠায় বিস্তারিতভাবে নম্বর তোলেননি।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, খাতা দেখে তাদের মন খারাপ হয়েছে। এভাবে সমাপনী পরীক্ষার খাতাও দেখা হলে তারা সঠিক নম্বর পাবে না বলে আশঙ্কা করছে।
ধানগড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য নূর-এ আলম সরকার বলেন, শিশু শিক্ষার্থীদের খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও যত্নবান হওয়া দরকার।
ব্রহ্মগাছা ইউনিয়নের খামার গাঁতী, ধর্মদাসগাঁতী ও ভাতহাড়িয়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছয়-সাতজন শিক্ষক বলেন, সময়ের স্বল্পতার কারণে তাড়াহুড়ো করে খাতা মূল্যায়ন করতে গিয়ে হয়তো এমন অবস্থা হয়েছে। আরও চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা একই ধরনের কথা বলেন।