বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে একজন মৃত ঠিকাদারের কাজের প্রায় নয় লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগ উঠেছে। আরেক ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে তিনি এ অর্থ তুলে নিয়েছেন বলে অভিযোগ। মৃত ঠিকাদারের স্ত্রীর লিখিত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর ও বান্দরবান জেলা পরিষদের দুটি কমিটি বিষয়টি তদন্ত করছে।
মৃত ঠিকাদারের নাম উচনু মারমা। তাঁর স্ত্রী লিপিপ্রু মারমা গত ২০ জুলাই জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরে লিখিত অভিযোগে উল্লেখ করেন, উচনু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে মাছের পোনা উৎপাদনের জন্য দুটি পুকুর খননের কাজ পান। এর মধ্যে চার লাখ টাকায় থানচির বলীপাড়ার ঝুমাঝিরিতে একটি ও ৪ লাখ ৮০ হাজার টাকায় সুয়ালক ইউনিয়নে আরেকটি জমিতে পুকুর খননের কাজ শুরু হয়। উচনু কাজ দুটি শেষে মৎস্য কার্যালয় থেকে বিল নেওয়ার আগে গত ২১ এপ্রিল মারা যান। তাঁর মৃত্যুর পর কাজের বিল পাওয়ার আশ্বাসে উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিনের কাছে স্বামীর ঠিকাদারির মূল কাগজপত্র জমা দেন। সরল বিশ্বাসে তিনি কোনো ছায়ালিপি রাখেননি। এ অবস্থায় জিয়া উদ্দিন স্বামীর ঠিকাদারি কাগজপত্র গায়েব করে রতন সেন তঞ্চঙ্গ্যা নামের আরেক ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে পুরো বিল তুলে নিয়েছেন। এখন তিনি শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার রতন সেন তঞ্চঙ্গ্যা বলেন, তিনি মৎস্য বিভাগের কোনো দরপত্রে অংশগ্রহণ করেননি। তবে জিয়া উদ্দিন তাঁর ঠিকাদারি লাইসেন্সের ছায়ালিপি নিয়েছেন। লাইসেন্স নেওয়ার কয়েক মাস পর জিয়া উদ্দিন তাঁকে পাঁচ হাজার টাকা দেন। এর বেশি কিছু তিনি জানেন না। একই কথা তিনি তদন্ত কমিটিকেও জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জিয়া উদ্দিন বলেন, মৃত ঠিকাদার উচনুর স্ত্রী লিপিপ্রু মিথ্যা অভিযোগ করেছেন। উচনু কাজ করেছেন এমন কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। রতন সেন তঞ্চঙ্গ্যাই কাজ দুটি করেছেন।
রতন সেন কাজ করেননি বলে তদন্ত কমিটির কাছে লিখিত জবাব দিয়েছেন কেন জানতে চাইলে জিয়া উদ্দিন বলেন, ‘তিনি কেন মিথ্যা বলেছেন জানি না।’
জেলা মৎস্য কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন, মৃত ঠিকাদার উচনুর স্ত্রীর অভিযোগ তদন্তে মৎস্য অধিদপ্তর ও বান্দরবান জেলা পরিষদ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রধান ও কুমিল্লা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক লতিফুর রহমান বলেন, তিনি ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে দিয়েছেন। কিন্তু প্রতিবেদন সম্পর্কে তিনি কোনো কিছু জানাতে রাজি হননি।
জেলা পরিষদের গঠিত তদন্ত কমিটির প্রধান মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ বলেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন। সব পক্ষের বক্তব্য লিখিতভাবে নিয়েছেন। এখন মাঠ পরিদর্শন করে প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করবেন।